অনার স্মার্টফোন ব্যবসা বিক্রি করছে হুয়াওয়ে

১৫ অক্টোবর, ২০২০ ০৩:১৯  
হুয়াওয়ে টেকনোলজিস তাদের অনার স্মার্টফোন ইউনিট বিক্রির উদ্যোগ নিয়েছে। এই লক্ষে কোম্পানিটি ডিজিটাল চায়না গ্রুপ লিমিটেডসহ বিভিন্ন কোম্পানির সাথে আলোচনা চালাচ্ছে। খবর রয়টার্স। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ২৫ বিলিয়ন ইউয়ান বা ৩.৭ বিলিয়ন ডলারে হুয়াওয়ে তাদের এই স্মার্টফোন ইউনিটকে বিক্রি করতে পারে। সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জের ধরে হুয়াওয়ে তাদের ব্যবসায়ের অগ্রাধিকার বিষয়গুলোতে নজর দিচ্ছে। এই লক্ষে হুয়াওয়ের হাই-এন্ড ফোনে জোর দিতে চায় তারা। অন্যদিকে অনার ব্র্যান্ড মূল তরূণ ও সাশ্রয়ী বাজেট বিবেচনায় ব্যবসা করে। কোন কোন সম্পদ বিক্রি হবে তা নিশ্চিত না হলেও সূত্র বলছে অনার ব্র্যান্ড, গবেষণা ও উন্নয়ন এবং এ সম্পর্কিত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ব্যবসায় বিক্রি হতে পারে। ডিজিটাল চায়না হুয়াওয়ের প্রধান পরিবেশক। তবে চীনের ইলেকট্রনিক্স নির্মাতা টিসিএল, শাওমিও সম্ভাব্য ক্রেতার তালিকায় রয়েছে। ডিবিটেক/বিএমটি